২৬ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় ৪৩ ছাত্রের প্রাণহানী

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের একটি মাধ্যমিক স্কুলের ছাত্ররা বোকো হারাম সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। এ পর্যন্ত হামলায় প্রাণ হারিয়েছে ৪৩ জন ছাত্র।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়া পুলিশের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত সোমবার দেশের উত্তর-পূর্ব অঞ্চলের একটি মাধ্যমিক স্কুলের হোস্টেলে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ধারণা করা হচ্ছে এ হামলা চরমপন্থী বোকো হারাম সন্ত্রাসীদের কাজ। হামলাকারীরা এ হোস্টেলকে লক্ষ্য করে গুলি চালিয়ে ৪৩ জন ছাত্রকে হত্যা করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সানুসী রুফায়ী এ বিষয়টি স্পষ্ট করেননি যে, নিহতদের সকলেই ছাত্র কিনা। স্কুলটি নাইজেরিয়ার ইউব প্রদেশের বুনী ইয়াদি শহরে অবস্থিত। তিনি প্রদেশের গভর্ণর ইব্রাহিম গীদামের সাথে গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাইজেরিয়া সেনাবাহিনী’র ঘোষণার ভিত্তিতে, বোকো হারাম চরমপন্থীরা মধ্যরাতে ঐ হোস্টেলের অভ্যন্তরে গুলি চালায়। ইউব প্রদেশের সেনা মুখপাত্র লাজারোস এলি জানিয়েছেন : মঙ্গলবার রাত ২টার দিকে বুনী ইয়াদির ঐ স্কুলের উপর হামলা চালানো হয়।

গত বছরও একই ধরনের হামলায় এ অঞ্চলের বহু লোক নিহত হয়েছিল। বুনী ইয়াদি শহরটি প্রদেশের প্রাণকেন্দ্র দামাতোর থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

সামরিক এক সূত্রের ভাষ্যানুযায়ী, তারা নিহতদের সঠিক সংখ্যা সম্পর্কে অজ্ঞাত।

মাধ্যমিক এ বিদ্যালয়ে ১১ থেকে ১৮ বছরের ছাত্রদেরকে ভর্তি নেয়া হয় –এ কথা উল্লেখ করে সেনা মুখপাত্র জানান : টেলিফোন সংযোগ না থাকার কারণে আমাদের হাতে পূর্ণ কোন তথ্য নেই এবং আমরা জানি না যে, এ হামলায় কতজন ছাত্র আহত বা নিহত হয়েছে।

আবুজা থেকে এএফপি জানিয়েছে, বোকো হারাম চরমপন্থীরা –যাদের নামের অর্থ হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’- গত ও চলতি বছরে এদেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি স্কুলে হামলা চালিয়েছে।